ভোলার দক্ষিণে মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মৃতরা হচ্ছেন, ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আশাবাগ গ্রামের হারুন উর রশিদের ছেলে রাজীব ও ভোলা সদরের ভেলুমিয়া গ্রামের বারেক মোল্লার ছেলে রাকিব।
পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, রবিবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরের নাগর মাঝি ট্রলারে করে ৯ জনকে নিয়ে চরফ্যাশনের বেতুয়া ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। সোমবার ভোরের দিকে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয় জেলেদের সহযোগিতায় সাত জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারের ভেতরের কেবিনে বদ্ধ অবস্থায় রাজীব ও রাকিব নামে দুজন মারা যায়।
চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে জানান, স্থানীয় জেলেদের সহযোগিতায় নিহত ২ জনের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








