ভোলার মনপুরা উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ব্যবসায়ী কাউছারসহ (২৮) তিন জনকে গ্রেফতার করেছে। তবে চাল চুরির মূলহোতা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী পলাতক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ওই ইউনিয়নের ফকির হাট বাজারের ব্যবসায়ী কাউছারের বাড়িতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাকিরা হলো, হারুন (৪৫), আলী আজগর (৫৫)। তাদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, এই ঘটনায় হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রব পাটওয়ারীকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা রয়েছে। পলাতক আবদুর রব পাটোয়ারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








