বরিশাল শহরের ব্রাউন কম্পাউন্ড রোডে রয়েল সিটি হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত সোনিয়া বেগম (২৪) ওরফে জোছনা ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বাজিতপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় রোগীর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রাসেল আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে রোগীর স্বজন এবং ক্লিনিকের দায়িত্বরতদের সঙ্গে কথা বলেছি। রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই রোগীর মা রহিমা বেগম অভিযোগ করে জানান, গত ২০ এপ্রিল রয়েল সিটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সোনিয়া সন্তান প্রসব করে। ওই অপারেশন করেছিলেন ডা. তানিয়া। এরপর ২৩ এপ্রিল আবার পেটে তীব্র ব্যথা হলে তারা ডা. তানিয়ার কাছে আসেন। ওই চিকিৎসক জানায় পেটের নাড়িতে প্যাচ পড়েছে আবারও অপারেশন করতে হবে। তাই সোমবার (২৭ এপ্রিল) সকালে ডা. তানিয়ার স্বামী ডা. মনিরুল আহসান অপারেশন করেন। দুপুর ২টার দিকে জানান রোগীর অবস্থা খারাপ কিছু টেস্ট করাতে হবে। ওই পরীক্ষার বিল আসে ১২ হাজার টাকা। পরে সন্দেহ হলে চিকিৎসক বলেন, তাকে এখনই শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানায় রোগীর অনেক আগেই মৃত্যু হয়েছে। পরে তারা লাশ নিয়ে রয়েল সিটি হাসপাতালে গিয়ে বিচার চান।
এ ব্যাপারে কথা বলার জন্য ডা. তানিয়া ও ডা. মনিরুল আহসানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি। তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবি করেন, এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা যা দেওয়ার তারাই দিয়েছে। হাসপাতাল এই সম্পর্কে কিছু জানতো না।








