বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় দুই ডাকাতের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পূর্ব মহেষপুর এলাকার ইউসুফ জমাদ্দারের ছেলে হাকিম জোমাদ্দার ওরফে হাইকা ডাকাত এবং উপজেলার পশ্চিম দুর্গাপুর এলাকার আব্দুর রশিদ খানের ছেলে আয়নাল ওরফে কবির খান ওরফে হাতকাটা আয়নাল।
বেঞ্চ সহকারী হারুন রশিদ জানান, ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে জেলা গোয়েন্দা পুলিশ মহেষপুর থেকে ডাকাত ফরিদুল ইসলাম খোকনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী, ওই রাতে উপজেলার পৌরসভা প্রাথমিক বিদ্যালয় এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা তার সঙ্গী ডাকাত হাইকা ও আয়নাল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে একটি শার্টার গান, একটি পাইপগান ও ৯ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দুই জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন জেলা ডিবি পুলিশের এসআই আব্দুল হক। ২০১৭ সালের ১৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই ইউসুফ আলী ফকির ওই দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মঙ্গলবার এই রায় দিলেন।








