বরিশালে অস্ত্র, গুলি ও মাদকের তিন মামলায় বেলায়েত মাতুব্বর বিল্লাল নামে এক ব্যক্তিকে ৩টি ধারায় ৩২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অস্ত্র রাখায় ১০ বছর, গুলি ও কার্তুজ রাখায় ৭ বছর এবং দেড়শ’বোতল ফেনসিডিল রাখায় ১৫ বছর কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বেলায়েত মাতুব্বর বিল্লাল গৌরনদী উপজেলার পশ্চিম বয়সা গ্রামের জালাল মাতুব্বরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুনবী জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ২৪ অক্টোবর রাত ১০টার দিকে র্যাবের একটি দল বেল্লালের ঘরে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ৬ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র এবং দেড়শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক করা হয় বেল্লালকে।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বেল্লালের বিরুদ্ধে গৌরনদী থানায় পৃথক ৩টি ধারায় মামলা দায়ের করেন। গৌরনদী থানার এসআই আবুল বাশার মোল্লা ২০১৯ সালের ২৮ নভেম্বর বিল্লালের বিরুদ্ধে পৃথক মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দিলেন।









