বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকার এক বাড়ি থেকে শোভন দাস পাপ্পু (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাপ্পু বিএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ব্যাংক কর্মকর্তা উত্তম দাসের ছেলে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের সদস্যরা বলছেন, এমন কোনও ঘটনা ঘটেনি, যে কারণে পাপ্পু আত্মহত্যা করতে পারে। তবে তারা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন পাপ্পুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে। হয়তো এর জেরে রাতের কোনও এক সময় পাপ্পু ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পাপ্পুর কোনও সাড়াশব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে কোন বিষয় নিয়ে ওই ঝগড়া হয়েছে সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, রবিবার রাতেই পাপ্পুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।









