বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে জড়িয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি বাণিজ্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দলের নেতাদের দাবি, মোশাররফকে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে।
এর প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাজাদুল ইসলাম শামীম। তিনি বলেন, ‘ভাইরাল অডিও’র একপ্রান্তে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য কবির হোসেন তালুকদার এবং অপরপ্রান্তে পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির ছিলেন। তাদের কথোপকথনের একপর্যায় নবগঠিত উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি প্রসঙ্গে অর্থনৈতিক লেনদেনের (১৬ লাখ টাকা) মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য উপস্থাপন করা হয়। সেই তথ্যে কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনকে অহেতুক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের মতামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নবগঠিত কমিটি করা হয়। বিএনপির নতুন কমিটিতে কবির হোসেন তালুকদার কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় কাল্পনিক ও ভিত্তিহীন অর্থনৈতিক লেনদেনের তথ্য কথোপকথনে উল্লেখ করেন; যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। এতে দলের নেতাকর্মী বিব্রত।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান ফরাজী, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য মাহবুব হোসেন তালুকদার, আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক অরুন মীর, যুগ্ম আহ্বায়ক নিয়াজ আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহান মাহমুদ সোহাগ প্রমুখ।
বক্তারা এই ‘অপপ্রচারের’ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবির তালুকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের শীর্ষ নেতাদের কাছে দাবি জানান।
এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার বলেন, ‘ওটা ভিত্তিহীন। ওঠা আমার কণ্ঠ না। এডিট করে কেউ করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে হেয় করার জন্য করেছে।’
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। এর কথা ও বাস্তবতার সঙ্গে কোনও মিল নেই। একটা স্বার্থন্বেষী মহল স্বার্থ উদ্ধারে অপপ্রচার চালাচ্ছে।’
উল্লেখ্য, রবিবার (১৪ ফেব্রুয়ারি) ‘জাতীয়তাবাদী যুবদল তৃণমূল’ নামক ফেসবুক আইডি থেকে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও যুবদলের কমিটি বাণিজ্যের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়।









