পটুয়াখালীতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিকুল ইসলাম তানিম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার ( ২৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। নিহত তারিকুল ইসলাম তানিম বরিশাল শহরের ১৩নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে।
পুলিশ ও তারিকুল ইসলাম তানিমের বন্ধু মো. মারুফ জানান, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) তানিম মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটা ঘুরতে আসেন। আজ সকালে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা দেন। এ সময় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানিম নিহত হন। এ সময় তার বন্ধু সোহান আহত হন। পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









