ভোলায় মেঘনায় ভেসে আসা একটি হরিণ শাবককে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাংগা চরের গভীর বনে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমীন বলেন, ‘রবিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীতে ভাসতে দেখে হরিণ শাবকটিকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। পরে তারা স্থানীয় চৌকিদার মো. মিজানকে খবর দিয়ে তার হাতে তুলে দেন হরিণ শাবকটিকে। এরপর মিজান থানায় খবর দিলে আমরা হরিণ শাবকটি উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করি।’
ভোলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘ওই হরিণ শাবকটিকে আমরা আজ বাসনভাংগার চরের গভীর বনে অবমুক্ত করেছি। হরিণ শাবকটির বয়স প্রায় দুই মাসের মতো হবে। সেটি সুস্থ রয়েছে।’
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় সেটি ভেসে আসে।









