জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত মূল্য এবং অতিরিক্ত ভাড়া প্রত্যাহারসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল মহানগর বিএনপি। বুধবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে মহানগর দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবি না মানলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বড় আন্দোলন করবে বলে হুমকি দিয়েছেন নেতারা।
গত ৩ নভেম্বর কেন্দ্র থেকে অনুমোদন পাওয়া মহানগর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সভাপতি আকতারুজ্জামান শামীম এবং মহিলা দলের নেত্রী শামীম আকবরসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারসহ নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
কৃষকদল, মহানগর ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পলিটেকনিক কলেজ এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষার্থীকে ব্যাগ কাঁধে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। তবে মহানগরের আগের কমিটির ও ৩০ ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসেননি।
বিএনপির বিক্ষোভ সমাবেশ ঘিরে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টাউন হলের সামনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।









