শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালে রাত ১২টা ১ মিনিটে নগরীর ওয়াপদা কলোনির মধ্যে স্থাপিত নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ’৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল সিটি করপোরেশন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) প্রথমে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ এবং তিন প্যানেল মেয়র ও কাউন্সিলররা। পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের পক্ষে সংগঠনের সভাপতি কে এম জাহাঙ্গীর হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃরা স্মৃতি ’৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে দিবসটি উপলক্ষে একই দিন সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন। একই সময় বিভাগীয় ও জেলা প্রশাসন থেকে নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ’৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।









