স্ত্রীর করা মামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাময়িক বরখাস্ত নায়েক আরিফুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ফয়েজুল হক ফয়েজ এ তথ্য নিশ্চিত করেন।
আরিফুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পিওএন শাখায় কর্মরত ছিলেন।
ফয়েজুল হক ফয়েজ জানান, ২০১৩ সালে আরিফুর রহমানের সঙ্গে জেসমিন বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুক চেয়ে স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন আরিফুর। এর বিচার চেয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন তার স্ত্রী। এরপর দাবি করা যৌতুক না পেয়ে নভেম্বর মাসে আরিফুর আরেকটি বিয়ে করেন।
তিনি আরও জানান, গত ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে আসামি মামলা থেকে জামিন নেন। জামিন পাওয়ার পরের দিন বাদী জেসমিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন আরিফুর। সেই পরিপ্রেক্ষিতে বাদী আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন। আদালত জামিন বাতিল করে আসামিকে কারাগারে পাঠান। পরে হাইকোর্ট থেকে জামিন নেন আরিফুর।
জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন আসামির আইনজীবী। কিন্তু বিচারক আবেদন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠান।









