৩০ হাজার টাকা ঋণ নিয়ে সময়মতো না দেওয়ায় ইজিবাইক চালক নাসির উদ্দিনকে পিটিয়ে হত্যা করে তার বন্ধু শাকির হোসেন। এ ঘটনায় শাকিরকে আটক করেছে র্যাব-৮। আসামির স্বীকারোক্তি অনুযায়ী নিহতের মোবাইলফোন ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
নিহত নাসির ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের বাসিন্দা। আটক শাকির একই উপজেলার বাঁশবুনিয়া এলাকার মৃত মাহাবুবুর রহমানের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।
মেজর জাহাঙ্গীর আলম জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হন নাসির। এরপর আর বাড়িতে ফিরেননি। পরিবারের সদস্যরা খোঁজ করেও তার সন্ধান না পেয়ে কাঠালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। সেই সঙ্গে র্যাব-৮-কে ঘটনা জানিয়ে লিখিত অভিযাগ দেন।
গত মঙ্গলবার নাসিরের হাতবাঁধা লাশ মশবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বন থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার কাঠালিয়ার বটতলা বাজার থেকে শাকিরকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পিরোজপুরের ভান্ডারিয়া থানার চরআইল সরদার বাড়ির সামনে থেকে ইজিবাইক এবং বরগুনার বামনা এলাকার পাথরঘাটা জয়নগর গ্রামের পুকুর থেকে নাসিরের মোবাইলফোন উদ্ধার করা হয়।
আসামির বরাত দিয়ে কোম্পানি অধিনায়ক আরও জানান, শাকিরের কাছ থেকে ৩০ হাজার টাকা ঋণ নেয় নাসির। কিন্তু সময়মতো তা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে শাকির ক্ষিপ্ত হয়ে নাসিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু হলে ঘটনাস্থলের পাশে থাকা গরু বাঁধার রশি দিয়ে হাত-পা বেঁধে পাশের বনে মরদেহ ফেলে এবং লাঠিটিও নদীতে ফেলে দেয় শাকির।
এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোম্পানি অধিনায়ক।









