পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে আফজাল খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে বালিয়াতলী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, আফজাল ওই শিশুর চাচাতো নানা। তার স্ত্রী একা থাকায় সাত মাস আগে ওই শিশুকে বাড়িতে নিয়ে আসে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে আফজাল। এ ঘটনা কাউকে না বলার জন্য তাকে হুমকি-ধমকিও দেয়। পরে শিশুটির শারীরিক গঠনের পরিবর্তন দেখে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে সব বলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, আজ আসামিকে আদালতে পাঠানো হবে। ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।









