বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতকের স্বজনদের দায়িত্বরত আনসার সদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৩ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
নবজাতকের খালু আশরাফুল হক মুন্না অভিযোগ করেন, নবজাতকের নাভিতে সমস্যা হওয়ায় পিরোজপুরের স্বরূপকাঠী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বরিশাল মেডিক্যালে পাঠানো হয়। পরে শনিবার বিকালে শিশুটিকে বরিশালে আনা হয়। পরে শিশুটিকে ভর্তির সময় আনসার সদস্যরা ওয়ার্ডে প্রবেশে আমাকে ও আমার শ্যালক রাসেলকে বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা আমাদের মারধর করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশু ওয়ার্ডে ওই দুই জন ঢুকতে চাইলে তাদের বাধা দেয় আনসাররা। এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারধর করে আনসাররা। পরবর্তীতে তারা আনসারের কাছে ক্ষমা চান। এর বেশি কিছু জানেন না বলে জানান তারা।
অভিযুক্ত আনসার মেহেদী বলেন, ওই ওয়ার্ডে নার্স, রোগী ও রোগীর মা থাকবে। অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারে না। কিন্তু তারা ওয়ার্ডে প্রবেশে জোর করতে থাকেন। এক পর্যায়ে তারাই আমাদের গায়ে হাত তোলেন। তখন আমরা প্রতিরোধ গড়ে তুলি।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তারপরও এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।









