ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতারের পরপরই বরিশালের কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদি হাসানকে পুলিশ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়েছে
বরিশালের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভুঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসআই মেহেদি হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারের সঙ্গে সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এই এসআই নগরীর স্ব-রোড বাকলার মোড় সংলগ্ন মন্টু ঘোষের বাসার তিন তলায় ভাড়ায় থাকেন। এক নারীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে থানার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
ওই সূত্র জানিয়েছেন, আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে ওই নারী এই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। ওই নারীর অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা ফাঁদ পাতেন। মেহেদিকে একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই টাকা উত্তোলন করতে গেলে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, একমাস আগে এক নারীকে ধর্ষণের অভিযোগে করা আরেক মামলায় কোতোয়ালি মডেল থানার এসআই আবুল বাশারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।









