পটুয়াখালীর কুয়াকাটায় ইলিশ পার্ক ইকো রিসোর্টের দেয়াল ও গেট ভাঙার অভিযোগ এনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রিসোর্টটির স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার। রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘পৌরসভার রাস্তা নির্মাণের নামে ইলিশ পার্কের দেয়াল ভেঙে ফেলেছেন পৌর মেয়র ও তার লোকজন। রাস্তা নির্মাণে উভয় পাশের জমি নেওয়ার কথা থাকলেও উদ্দেশ্যমূলকভাবে পুরো রাস্তাই আমার জমির মধ্য দিয়ে নেওয়া হয়েছে।’
এ সময় ইলিশ পার্কে হামলার অভিযোগও করেন তিনি।
তবে এমন অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মনির শরীফ বলেন, ‘রাস্তা সবার প্রয়োজনে করা হয়েছে। এখানে পৌরসভার ব্যক্তিগত কোন লাভ নেই। তুষার রাস্তা নির্মাণে বাধা দিয়ে আসছেনে। তিনি বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ করছেন।’
এ বিষয়ে পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘ইলিশ পার্কের দেয়াল ভাঙা হয়নি। হামলাও করা হয়নি। ইলিশ পার্কের অংশ বিশেষ যাদের কাছে বিক্রি করা হয়েছে, তাদের অনুমতি নিয়েই দেয়াল ভাঙা হয়েছে।’









