বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৭ জুলাই) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক রেনেসাঁ খান অভিযোগ আমলে নিয়ে হিজলা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন।
বাদী আমিনুল ইসলাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার সোনাপুর গ্রামের মৃত আকুব্বর শেখের ছেলে। বিবাদী হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও বাদীর স্ত্রী উম্মে সালমা, শ্যালক মুরাদ সরদার ও আশিক সরদার।
আদালতের স্টোনোগ্রাফার আতিকুর রহমান জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এর কিছুদিন পর দুই শ্যালকের পরামর্শে সালমা পাঁচ লাখ টাকা ও ১০ শতাংশ জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। দাবি পূরণ না করায় গত ১৩ মে সালমা কাউকে কিছু না বলে দুই ভাইয়ের সঙ্গে বাবার বাড়ি চলে যান। এ সময় ঘরে থাকা তিন ভরি সোনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে যায়। তাকে আনতে গেলে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। অন্যথায় তাকে তালাকের হুমকি দেন।
বাদীর আইনজীবী আজিজুর রহমান খান বলেন, বিবাদীর দাবি করা নগদ অর্থ ও ১০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়ার দাবি যৌতুক নিরোধ আইনের তিন ধারায় দণ্ডযোগ্য অপরাধ। এ কারণে বাদী যৌতুক মামলা করেছেন। বিচারক মামলা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।









