বরিশাল নগরীর কাশীপুর বাজারে কম দামে সবজি বিক্রি করা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও চার জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে আটক করে পুলিশে দিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (২৯ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সবজি বিক্রেতার নাম কামাল হোসেন। তিনি কাশীপুরের সৈয়দপুর এলাকার এসকান্দার সরদারের ছেলে। আহত সবজি বিক্রেতারা হলেন- আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, মালেক ও জয়নাল আবেদীন। তাদেরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযুক্ত আহত সোহেল রানাকে আটক করে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নগরীর ইছাকাঠী এলাকার বাসিন্দা।
২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ হোসেন বলেন, কাশীপুরে বাজারে ভ্যানে মাইকিং করে সবজি বিক্রি করে আসছিলেন সোহেল রানা। তিনি অন্য বিক্রেতার চেয়ে কম মূল্যে সবজি বিক্রি করায় যারা দোকান নিয়ে ব্যবসা করছেন তাদের বিক্রি কম হয়। এ নিয়ে আজ সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সবজি কাটার কাজে ব্যবহৃত দা দিয়ে এলোপাথাড়ি বাজারের অপর বিক্রেতাদের কুপিয়ে জখম করেন সোহেল।
তিনি আরও বলেন, এ সময় অপর সবজি ব্যবসায়ীরাও সোহেলের ওপর হামলা চালায়। এতে সোহেলসহ ছয় জন আহত হন। ব্যবসায়ীরা সোহেলকে আটকে পুলিশে খবর দেন। পুলিশ ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সোহেলকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন জানিয়েছেন, সবজি বিক্রি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে হামলাকারী সোহেল ধারালো অস্ত্র দিয়ে পাঁচ জনকে কুপিয়ে জখম করে। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি চার জন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।









