বরিশাল বিসিক শিল্পনগরীর একটি ডোবা থেকে ফুটবল আনতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে নগরীর বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো নগরীর বাঘিয়া এলাকার নয়াদা বাড়ির বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে খাদিজা আক্তার (৬) এবং আনোয়ারের ভাই দেলোয়ার হোসেনের মেয়ে দিনিয়া আক্তার (৫)।
আনোয়ার হোসেন বলেন, ‘দুপুরের খাবার শেষে দুই বোন একসঙ্গে ফুটবল খেলছিল। পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন বিসিক শিল্পনগরীর ডোবায় ফুটবল পড়ে গেলে তা তুলতে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে ডোবায় ফুটবল ভাসতে দেখে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। তবে স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’









