ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, ‘ভবিষ্যতে রাজাপুরে আওয়ামী লীগ ছাড়া কোনও দল থাকবে না, আমাদের যোগ্যতা ও আদর্শে এ অবস্থা সৃষ্টি করবো। বিএনপি একটি বড় দল, তা অস্বীকার করার কিছুই নেই।‘ আর এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয় করে কাজ করার আহ্বান জানান সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ব্যারিস্টার শাহজাহান ওমর।
বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় নগরীর বগুরা রোডস্থ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শাহজাহান ওমর।
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় সদ্য বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে আসা শাহজাহান ওমরকে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে না নিয়ে বিএনপির লোকজন নিয়ে নির্বাচনি প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে করে ক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার বিকালে শাহজাহান ওমরকে বর্জন করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেয়। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন শাহজাহান ওমর।
নৌকার প্রার্থীকে উপজেলা আওয়ামী লীগ বর্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, কেউ তাকে বর্জন করেনি। যে খবর বিভিন্ন মিডিয়ায় এসেছে, তা মিথ্যা বলেও আখ্যা দেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি দলকে গৌরবান্বিত করেছেন, অলঙ্কৃত করেছেন। এ কারণে উপজেলা আওয়ামী লীগ তাকে সাদরে গ্রহণ করেছে, বর্জনের প্রশ্নই আসে না।
বিএনপির নির্বাচনে না আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘তারা কর্মসূচি দিলেও তা সামান্যতম পালিত হচ্ছে না। এর মূল কারণ জনগণের সঙ্গে সম্পৃক্ত না থাকা। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা প্রমাণ করেছে তাদের সঙ্গে জনগণ নেই।
তিনি বলেন, ‘আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকলে সেই আন্দোলন সফল হয়।’
সংবাদ সম্মেলনে ঝালকাঠি জেলা এবং রাজাপুর ও কাঠালিয়া উপজেলার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।









