
ঝালকাঠি কৃষি ব্যাংকে গত এক সপ্তাহ ধরে অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। অনলাইনের ক্রটির কারণে সপ্তাহ ধরে ব্যাংকের দৈনন্দিন লেনদেন, সঞ্চয়পত্র, অটোমেশনসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।
ব্যাংক ম্যানেজার শাহজাহান জোমাদ্দার বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, অনলাইনে ক্রটির কারণে গ্রাহকরা সপ্তাহ ধরে ব্যাংকিং সেবা না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেছে। যান্ত্রিক ক্রটির কথা বুঝিয়ে তাদেরকে শান্ত করা হয়।
তিনি আরও জানান, আগামী সপ্তাহের প্রথম দিকে এ অসুবিধার সমাধান হয়ে যাবে। তবে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, সারাদেশের ন্যায় গত বছরের ২২ আগস্ট কৃষি ব্যাংকের এই শাখাটিও অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আসে। রাজধানীর মেট্টো নেট নামের একটি অনলাইন কোম্পানি এই শাখাটি নিয়ন্ত্রণ করছে।
ক্যাশ অফিসার আব্দুল কুদ্দুস খান জানিয়েছেন, অনলাইন কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকরা যথাসময়ে সেবা পাচ্ছেন না। পুরানো পদ্ধতিতে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। ফলে ব্যাংকিং সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
গ্রাহক আবুল হোসেন ও সমির পাল জানিয়েছেন, গত দু’দিন ধরে সঞ্চয়পত্রের কাজে ব্যাংকে আসলে অনলাইনে ক্রটি দেখিয়ে ফিরিয়ে দেন ব্যাংক কর্তৃপক্ষ।
/এসটি/








