আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরে দুই ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সমর্থকদের ওপর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
রবিবার নাজিরপুরে উপজলার শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা ও রঘুনাথপুরে এ হামলার ঘটনা ঘটে।
শেখমাটিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে তার কর্মীরা গড়ঘাটা হরিসভা মন্দিরের কাছে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলায় তার ৫ কর্মী আহত হন।
আহতরা হলেন- হাসান শেখ (৪৮), রবিউল ভুঁইয়া (২৩), সজীব শেখ (২৩), আছাদ কবিরাজ (৩২) ও বিনয় মালি (৪৫)।
এ বিষয়ে থানায় অভিযোগ করলে আওয়ামী লীগের প্রার্থীরা তা জানতে পেরে তার সমর্থকদের ঘড়-বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে জানান তৌহিদুল ইসলাম।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কাইয়ুমুজ্জামান মুঠোফোনে বলেন, তিনি এলাকার বাইরে অবস্থান করছেন। বিষয়টি জানার পর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ঘটনা নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়েছেন।
অপরদিকে দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের রঘুনাথপুর ওয়ার্ডের বিএনপির ইউপি সদস্য প্রার্থী মো. মোস্তাজির এক কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থী মো. জাকির শেখের সমর্থকরা বিএনপির ওই কর্মীকে মারধর করে। এ ঘটনায় ৩ জন আহত হয়।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এসব ঘটনা অস্বীকার করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
/এসএনএইচ/এএইচ








