দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। বুধবার (১০ জুলাই) মামলাটি করেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো. মহিবুল্লাহ।
মামলার বিবাদীরা হলেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল ইসলাম সোহাগ, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ বিল্লাহ নাসিম ও যুবলীগ নেতা রনি হোসেন রকি।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে মহিপুর ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
এজাহারের বরাত দিয়ে বেঞ্চ সহকারী বলেন, গত ৯ জুলাই দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান, বিবাদীরা একটি ভিডিও আপলোড করেছে। সেখানে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় তার অনুমতি ছাড়া ব্যবহার করায় তাকে হেয়প্রতিপন্ন এবং সম্মান ক্ষুণ্ন করা হয়। প্রতিমন্ত্রীর অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে বিবাদীরা ফেসবুকে তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে।
তিনি আরও বলেন, এ ছাড়াও প্রতিমন্ত্রীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানিয়েছেন বাদী।









