পিরোজপুরে অপহরণ ও দস্যুতাসহ ১৭ মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে (৩১) গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর শহরতলীর নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহাগ সিকদার পিরোজপুর পৌর এলাকার কুমারখালী গ্রামের শাহাদাৎ সিকদারের ছেলে। র্যাব সদস্যরা তা কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, জুলাইয়ে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি সোহাগ সিকদারকে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে চড়াও হতে দেখা যায়।
বিষয়টি র্যাব-৮ এর নজরে এলে তাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করে পিরোজপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।









