ইলিশা ফেরি ঘাটের এপ্রোচ রোড ভেঙে যাওয়ায় রবিবার বিকাল থেকে বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি সার্ভিস।পূর্ব ঘোষণা ছাড়াই এই রুটে ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় ঘাটের দু’পাড়ে কয়েকশত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে ।

ফেরি ঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার সোমবার বাংলা ট্রিবিউনের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ভোলা ইলিশা ফেরি ঘাটের এপ্রোচ রোড ভেঙে যাওয়ায় যে কোন দুর্ঘটনা এড়াতে রবিবার বিকাল থেকে এই রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । মঙ্গলবার বিআইডব্লিউটিএ’র প্রকৌশলীসহ কর্মকর্তারা ভোলা ইলিশা ঘাট পরিদর্শন করে ভেঙে যাওয়া এপ্রোচ রোডের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ।
এ রুটে বেশ কিছুদিন ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
/টিএন/








