বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রাম থেকে গ্রেফতার দুই জনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিহাবুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- উজিরপুরের সাতলা আলমদি এলাকার মৃত নবকান্ত রায়ের ছেলে নিত্যানন্দ রায় ও আগৈলঝাড়ার দক্ষিণ বড় মগড়া এলাকার ভক্তিরঞ্জন পান্ডের ছেলে দিলিপ পান্ডে।
পুলিশের দাবি, আসামিদের কাছ থেকে উদ্ধার করা ডিভাইসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে অধিকতর জিজ্ঞাসা করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল।
আদালতের জিআরও এএসআই মুনসুর আহমেদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গত ৬ ডিসেম্বর সেনাবাহিনী উপজেলার বাকাল গ্রামের নির্মাণাধীন ম্যাটস ভবনের সামনে থেকে ওই দুই জনকে আটক করে। তাদের কাছ থেকে একটি করে ড্রোন, ল্যাপটপ, আইফোন, দুইটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, এক বোতল বিদেশি মদ ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করে। পরে তাদের আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, এ ঘটনায় ৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানায় মাদক আইনে মামলা করেন এসআই মিল্টন মন্ডল। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন আদালতে আজ দুই জনের সাত দিনের রিমান্ডের আবেদন জানান। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।









