পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরীতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীদের হামলায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থীর চার কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ নং ইকরী ইউপি নির্বাচনে জাপা চেয়ারম্যান প্রার্থী আ. হাই হাওলাদার অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার কয়েকজন কর্মী ৫ নং ওয়ার্ডের এসাহাক মাস্টারের বাড়ির পূর্ব পাশে ব্রিজের ওপর অবস্থান নেওয়ার সময় আওয়ামী লীগ মেনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীর ও তার অন্তত ৫০ সহযোগী তাদের ওপর চড়াও হন। এসময় হুমায়ূন কবীর ফাঁকা গুলি ছোঁড়েন। হামলায় আহত আ. হাইয়ের কর্মী মামুন ও বাবুলকে ভান্ডরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীরের বলেন, আমি বা আমার কোনও কর্মী এ হামলার সঙ্গে জড়িত না। উল্টো তিনি অভিযোগ করেন, জাপা চেয়ারম্যান প্রার্থী আ. হাই হাওলাদারের কর্মীরা রাত ১২টার দিকে ৫ নং ওয়ার্ডে থাকা আমার কর্মী মজনু হাওলাদারের বাড়ির সামনের দোকান ভাঙচুর ও লুটপাট করে। রাত ১টার দিকে তারা ইকরী বাজারের পূর্বপাশে থাকা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জব্বার খানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর ও লুটপাট চালায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জমান জানান, ইকরীতে ব্রিজের উপর দু’পক্ষের ধাক্কাধাক্কির খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়।
/বিটি/এইচকে/








