ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে ৭নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ সাইফুল সিকদার ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ইউসুফ হোসেনকে আশঙ্কাজনক আবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাতে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইউনিয়নের তালতলি হাজিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, দুটি শটগান বুলেটের খোশা ও একটি বোমা উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন কর হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সম্রাট ও ইসরাফিল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাকসুদুর রহমান ও হাসেম ফকিরের সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা নিয়ে দন্দ্ব চলে আসছিলো। শুক্রবার রাতে উভয় প্রার্থীর সমর্থকরা হাজিরহাট এলাকায় গণসংযোগ করছিলো। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন কর হয়েছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। বাকিদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
/এআর/








