পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাটে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বিকেলে নগরের হাট বাজারে মুখোমুখি অবস্থান নিলে নৌকা মার্কার প্রার্থী কামাল হোসেন বিশ্বাস ও তার সমর্থকরা প্রতিপক্ষ ঘোড়া মার্কার প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত আরও ৩০ জন। পটুয়াখালী সদর সার্কেলের এএসপি সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেন।
একই সময় বিদ্রোহী প্রার্থী তার সমর্থকদের নিয়ে নগরের হাটে মানববন্ধন স্থলে উপস্থিত হলে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হন।
গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মাহবুব হোসেনসহ মো. ফয়সাল, খায়রুল ইসলাম, হাসানুজ্জামান ও আবুল হোসেনকে বরিশাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তারুজ্জামান জানান, পুলিশ সদস্য মাহবুবের ডান হাতে চারটি গুলি বিদ্ধ হয়েছে। এর মধ্যে একটি গুলি বের করা গেলেও বাকি ৩টি গুলি শরীরে বিদ্ধাস্থাতেই বরিশালে রেফার করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে স্থানীয়রা গুলির শব্দ শুনেছেন বলে জানান। এ সময় নগরের হাটে আগ থেকে অবস্থান নেওয়া পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ২ প্লাটুন পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
/এইচকে/








