নির্বাচনি সহিংসতায় পটুয়াখালীর দশমিনায় আহত এক বিএনপি কর্মী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মো. শাহজাহান (৪৬) মারা যান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গত সোমবার রাত ১০টার দিকে নির্বাচনি সহিংসতায় আহত হন শাহজাহান। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং পরে রাত বরিশাল শেবাচিমে পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দশমিনা উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে শাহজাহান। বহরমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন তিনি।
বিএনপি মনোনীত বহরমপুর ইউনিয়নের প্রার্থী সৈয়দ মাহফুজুর রহমান জানান, গত সোমবার স্থানীয় আদমপুর বাজারের একটি চায়ের দোকানে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন শাজাহান। এসময় নির্বাচনে বিজয়ী নৌকা প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন তার ওপর হামলা চালায়। এতে শাজাহানসহ অন্তত ১০ জন আহত হয়।
/এনএস/টিএন/








