ফেনীর সোনাগাজীতে এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের রেশ না কাটতেই এবার তুচ্ছ ঘটনা নিয়ে এক স্কুলছাত্রীকে বেধড়ক পেটানো হয়েছে। সেসময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তার বৃদ্ধা মাকেও মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চরচান্দিয়া গ্রামের মাওলানা মনোহর আলী বাড়ির আবদুর রবের সঙ্গে একই বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে মোজাম্মেল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার (৭ এপ্রিল) সকালে আবদুর রবের মেয়ে সোনাগাজী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী তাদের বসতঘরের পেছনে নিজেদের আমগাছ থেকে আম পাড়ছিল। ওই সময় পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল হোসেন ও তার বখাটে ছেলে সৈকত, শরীফ ও স্ত্রী নূর নাহার বেগমসহ স্থানীয় ৮/১০ জন সন্ত্রাসী ওই স্কুলছাত্রীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। তার আর্তচিৎকারে বৃদ্ধা মা লুৎফুন নাহার মেয়েকে বাঁচাকে এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন বৃদ্ধা মা-মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে তাদেরকে মামলা না করতে অব্যাহত হুমকি-ধামকি দিয়ে আসছে হামলাকারীরা। ঘটনার দুইদিন পর সোমবার রাতে নির্যাতিতার ভাই জামাল উদ্দিন বাদী হয়ে উল্লেখিতরাসহ ছয়জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মঙ্গলবার রাতে পুলিশ চরছান্দিয়া এলাকা থেকে সৈকত ও ডালিম নামে দুইজনকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: যশোরে শিশু হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসি
/বিটি/টিএন/আপ-এআর/








