খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, বাংলা ট্রিবিউন দেশ ও জনগণের জন্য কাজ করে এরইমধ্যে দেশের শীর্ষ অনলাইন পত্রিকা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সভাপতি জিতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সব সময় জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার আবদুল মজিদ বলেন, গত দু’বছর বাংলা ট্রিবিউন অনেক সমৃদ্ধ হয়েছে। দেশের জনগণের মন জয় করতে সক্ষম হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সঠিক, বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ প্রচার করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক বলেন পজেটিব ব্যবসা বাণিজ্যের সংবাদ প্রকাশ করে দেশের ভাবমূর্তি বাড়াতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসার প্রচার ঘটাতে হবে।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন কুমার আচার্য্য বলেন, বাংলা ট্রিবিউনের সাহিত্য পাতায় স্থানীয় লেখকদের প্রাধাণ্য দিতে হবে। তাহলে দেশের অঞ্চল ভিত্তিক লোক কথা সংরক্ষণ হবে।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া বলেন, দেশে বর্তমানে অপসাংবাদিকতা বেড়েছে। অনেক অখ্যাত অন-লাইন পত্রিকা অশিক্ষিত প্রতিনিধি দিয়ে কাজ করানোর ফলে সাংবাদিকতার গুনগতমান কমে যাচ্ছে। এছাড়া কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ, ডেইলি অবজারবারের প্রতিনিধি দুলাল হোসেন ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি জসিম মজুমদার বক্তব্য রাখেন। আলোচনা সভার পরে অতিথিরা কেক কেটে বাংলা ট্রিবিউনের দু’বছর পূর্তী উদযাপন করেন।
এর আগে সকাল দশটায় জেলা শহরের টাউন হল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন পেশাজীবি লোকজন অংশগ্রহণ করেন।
/জেবি/আপ-এআর/








