বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষিতে সোমবারও গণ্ডামারায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিদ্যুৎকেন্দ্র বিরোধীদের নেতা লিয়াকত আলীর বৃদ্ধ বাবা হাজী দুদু মিয়াকে (৭০) আটক করেছে পুলিশ।
তবে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবীবুর রহমান দাবি করেছেন, লিয়াকতের বাড়ি থেকে এলজি, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করেছে। প্রায় ৪ শতাধিক পুলিশ এই অভিযানে অংশ নেন বলেও জানান তিনি।
স্থানীয় লোকজনের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলা সাঁড়াশি অভিযানে পুরুষ শূণ্য হয়ে পড়েছে গণ্ডামারা। লিয়াকতের বাবাকে আটকের খবর পেয়ে অনেকে পুলিশে সঙ্গে সংঘাতে লিপ্ত হলে পুলিশও ব্যাপকহারে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আন্দোলন দমাতে পুলিশ ধরপাকড় শুরু করেছে দাবি করে স্থানীয়রা আরও জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ঘরে ঘরে অভিযান চালিয়েছে। পুলিশের গুলিতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তারা।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে সমাবেশে সংঘর্ষের ঘটনায় চার গ্রামবাসী নিহত হন। সংঘর্ষের পর চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ৯ মে দেওয়া প্রতিবেদনে জনগণকে উসকানি ও বিভ্রান্ত করে এ ঘটনার জন্য লিয়াকতকে দায়ী করেন। তবে লিয়াকত এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
আরও পড়ুন: যৌতুক না পাওয়ায় গৃহবধূর চুল কেটে দিল স্বামী
/এমও/








