কক্সবাজার শহরতলীর লিংরোডে বাসের ধাক্কায় সিএনজিযাত্রী এক আইনজীবীসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোডের বিচ পাবলিক স্কুলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আরও চারজন আহত হন।
নিহতরা হলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন আহমদ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
বিচ পাবলিক স্কুলের পরিচালক এজিএম ফেরদৌস জানান, সকালে সিএনজি অটোরিকশায় করে রামুর কলঘর এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন আহমদ। লিংক রোড এলাকায় চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন আহমদ। এসময় আরও ৩/৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে অপর এক যাত্রী মারা গেছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ার পথে বাংলাবাজার এলাকার লোকজন বাসটি আটক করেছে।
/জেবি/টিএন/
আরও বলতে পারেন : জুড়ী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা








