নোয়াখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল ও ৯ ওয়ার্ডে ৯ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ৩ কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.রুহুল আমিন মেয়র কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় শেষ ধাপের নির্বাচনে ৯টি পৌরসভার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচিত ৪টির সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পৌরসভাগুলো হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও রাঙ্গামাটির রামগড়।
এসময় নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটির গণমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
/এইচকে/








