চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসী এবং সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যার অন্যতম আসামি আব্দুল কুদ্দুস ওরফে কানা কুদ্দুসকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, বায়েজিদ বোস্তামী থানার সাংবাদিক পাহাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে। কুদ্দুস বায়েজিদ বোস্তামী থানার তালিকাভুক্ত ১০ নম্বর সন্ত্রাসী ও যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে বুধবার আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
প্রসঙ্গত যে, পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নগর যুবলীগের কর্মী মেহেদী হাসান বাদল ও কানা কুদ্দুস দুজনেই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী বলে পরিচিত। গত বছরের ১ সেপ্টেম্বর রাতে শের শাহ কলোনিতে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় বাদলকে।
এই হত্যাকাণ্ডের দুইদিন পর মেহেদীর স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২ জনকে আসামি করে বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মধ্যে স্থানীয় সন্ত্রাসী শফি, কুদ্দুস, সাদ্দাম ও তাদের অনুসারী সন্ত্রাসীরা বাদলকে হত্যা করেছেন বলে মামলায় উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: আমার সামনে থেকেই চার মাস আগে মুকুলকে পুলিশ তুলে নিয়ে যায়
/এমও/এফএস/








