কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার ওপর হামলা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার ঢালুয়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢালুয়া বাজারে সিএনজিচালিত অটোরিকশা চালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি সভা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া। এখানে দুইটি গ্রুপ রয়েছে। বিকালে ভাইস চেয়ারম্যান বাজারে এলে তার উপর বিক্ষুব্ধ গ্রুপটি হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ভাইস চেয়ারম্যানের লোকজন এ জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূইয়া বাছিরকে দায়ী করেছেন।
ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূইয়া বাছির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ দিন উপজেলা সদরে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। একজন জনপ্রতিনিধির উপর হামলা দুঃখজনক।
নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়াম্যানের দলীয় কোন্দল রয়েছে। ঢালুয়ায় অটোরিকশা চালকদের দুইটি গ্রুপ রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের গ্রুপ হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জেনেছি। এ ঘটনায় অহিদুর রহমান মেম্বর নামে একজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
আরও পড়ুন-
ঈদে অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চের যাত্রা বাতিল
ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন
/বিটি/








