কক্সবাজারের মহেশখালীতে পৃথক ঘটনায় ডাকাত সর্দারসহ দুইজন খুন হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশখালীর কালারমার ছড়ার উত্তরনলবিলা মাইজপাড়া পাহাড়ি এলাকায় দুইটি ডাকাত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার ফরিদুল আলম (৪৫)নিহত হয়েছেন। নিহত ফরিদুল আলম (৪৫) মহেশখালীর কালারমারছড়ার উত্তরনলবিলা এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
অপরদিকে, একই উপজেলার শাপলাপুর জেএমঘাট এলাকা থেকে লোকমান হাকিম (৩৮) নামে গুলিবিদ্ধ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাপলাপুর প্রধান সড়কের জেএমঘাট গলাছিরা নামক স্থান থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত লোকমান হাকিম শাপলাপুর এলাকার নুরুল আলমের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল বণিক জানান, পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে রাতে উপজেলার কালারমারছড়ার মাইজপাড়া পাহাড়ি এলাকায় স্থানীয় বিবাদমান দুই ডাকাত দল ফরিদুল আলম ও সেফু গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার ফরিদুল আলমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় ১টি এক নলা বন্ধুক ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়। নিহত ডাকাত সর্দারের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ ২ ডজন মামলা রয়েছে।
অপরদিকে, লোকমান হাকিম নামের একজনের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বালি ব্যবসায়ী। ব্যবসায়ীক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।এ ব্যাপারে মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন : শোলাকিয়ায় হামলা: ১০ দিনের রিমান্ডে জাহিদুল








