লক্ষ্মীপুর পৌরসভায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১২৭ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের একটি রেস্টুরেন্টে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্জ আবু তাহের। ১২৮ কোটি টাকার মধ্যে ৩৪ কোটি টাকা রাজস্ব খাত থেকে এবং ৯৪ কোটি টাকা উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে। গত বছরের বাজেট ছিল ৩৯ কোটি ৪০ লাখ টাকা। এই অর্থবছরে গত বছরের তিন গুণ বেশি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আগামী অর্থবছরে পৌরসভায় ১০ কোটি টাকা ব্যয়ে ড্রেন ও রাস্তার উন্নয়ন, যানজট নিরসনের জন্য শহরের রাস্তা প্রশস্তকরন,পৌর হকার্স মার্কেটটি আধুনিকীকরণ করাসহ বহুতল ভবন নির্মাণ, পৌর মাছবাজারে বহুতল ভবন নির্মাণ, পুরনো পৌর ভবনের স্থানে আধুনিক পৌর ভবন নির্মাণ, নছির আহম্মদ মিলনায়তনটি বাণিজ্যিক ও আধুনিক অডিটরিয়াম হিসেবে নির্মাণ করা হবে।
গত অর্থ বছরের শিুশু পার্ক সংলগ্ন ব্রিজের কাজসহ আধুনিক হাসপাতালের পাশে ব্রিজের কাজ, পুরনো আদালত সংলগ্ন ব্রিজের কাজ এবং ২৫ কোটি টাকা ব্যয়ে শহরের ১৫টি রাস্তার সংস্কার করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন খোকন, প্রকৌশলী আবুল বাশার, সচিব আলাউদ্দিন, কাউন্সিলর শাহাদাত হোসেন রুবেল, রিয়াজ উদ্দিন টিপুসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
/জেবি/
আরও পড়তে পারেন : গাইবান্ধার যমুনার চরে যৌথবাহিনীর জঙ্গি বিরোধী অভিযান








