নোয়াখালীর হাতিয়া উপজেলার চরাঞ্চলে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। সোমবার বিকেলে কেরিং চরের হাসিনা বাজারের পূর্বপাশে মেঘনা নদীর পাড় থেকে পুলিশ অস্ত্রগুলো জব্দ করে।
স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) খোন্দকার মো. আজাদুল ইসলাম জানান, অস্ত্রগুলোর মধ্যে একটি থ্রি-নট-থ্রি রাইফেল, আটটি এক-নলা বন্দুক, একটি দুই-নলা বন্দুক, দু’টি এলজি, চারটি দা, দু’টি ছুরি, ৬০টি পাইপগানের কার্তুজ ও ৮০টি রাইফেলের গুলি রয়েছে।
আজাদুল ইসলাম আরও জানান, হাসিনা বাজারের স্থানীয় লোকজন মাটির নিচে বস্তার মধ্যে অস্ত্র দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মাটি খুঁড়ে বস্তাটি তুলে অস্ত্রগুলো জব্দ করে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ পিপিএম জানান, কোনো সন্ত্রাসী বাহিনী অস্ত্রগুলো মাটির নিচে লুকিয়ে রাখতে পারে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
/এআরএল/
আরও পড়ুন: জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সক্ষম, প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী








