নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। পতেঙ্গা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মঙ্গলবার তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- মো. আক্কাস আলী ওরফে জাহেদুল ইসলাম নয়ন (২৩), মো. আতিকুল হাসান ইমন (২৬), জামশেদুল আলম হৃদয় (২১), মো. রুবেল (২৬) ও মহিউদ্দিন (১৮)। গত সোমবার নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিলো।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী (প্রসিকিউশন) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আক্কাস চট্টগ্রাম কলেজের শিবির নেতা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া, রুবেল বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির বিবিএ সেকেন্ড সেমিস্টার, আতিকুল সরকারি কমার্স কলেজ, জামশেদুল আলম ওমরগনি এমইএস কলেজ বাংলা প্রথম বর্ষের এবং মহিউদ্দিন একটি মাদ্রাসার ছাত্র।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) পতেঙ্গার কাটগড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত ২টি ল্যাপটপ, ৭টি মোবাইল ও শতাধিক জিহাদি লিফলেট ও ১১টি বই উদ্ধার করা হয়। পরে পতেঙ্গা থানায় ডিবির উপ-পরিদর্শক শাকের আহমেদ বাদী হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন-
মেজর জিয়া ও তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও
/এমও/এফএস/







