বান্দরবানের লামা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলার আমিরসহ চার নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে জেলার লামা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুল মোনায়েম (৫০), ইব্রাহিম কাজী (৩৮), নুর জামাল (৫৩), মারুফ জোয়ারদার (২৩)।
আটক আব্দুল মোনায়েম বাংলাদেশ জামায়াত ইসলামীর লামা উপজেলা শাখার আমির এবং লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। অন্যরা জামায়াত ও শিবিরের সমর্থক, সাবেক ও বর্তমান নেতা।
আমির আব্দুল মোনায়েম দীর্ঘদিন কলেজটিতে প্রভাষকের দায়িত্ব পালনের পাশাপাশি জামায়াত ইসলামীর রাজনৈতিক মতবাদ শিক্ষার্থীদের মধ্যে প্রচার করতেন।
আটককৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার লামায় সাপ্তাহিক বাজার হওয়ায় তারা লামা বাজারে বাজার করতে আসে, এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, আমাদের অভিযান চলমান আছে, এই মুহূর্তে কয়জন আটক রয়েছে সে সম্পর্কে তথ্য এখনই দেওয়া যাবে না।
/এআর/








