ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের স্বতন্ত্র এমপি হাজী রহিম উল্যাহ ও তার ভাগিনা মহি উদ্দিনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ফেনী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করে করা হয়।
মামলাটি দায়ের করেন সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী সাহাব উদ্দিনের ছেলে আইয়ুব নবী ফরহাদ। তিনি একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।
আদালতের বিচারক ধ্রুব দ্রুতি পাল আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
ফেনী আদালতের জিপি আনোয়ারুল করিম ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বাদী আইনজীবি ছিলেন অ্যাডভোকেট নুর হোসেনসহ অর্ধ শতাধিক আইনজীবী।
অভিযোগে বাদী উল্লেখ করেছেন, এমপি হাজী রহিম উল্যাহর যোগসাজশে তার ভাগিনা মহি উদ্দিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্বে ফেইসবুকে বিভিন্ন অশোভন ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে স্ট্যাটাস দেন। এছাড়া ফেইসবুক লাইভে নিজাম উদ্দিন হাজারীকে কুলাঙ্গার ও অফ্রিকান মাগুর মাছসহ বিভিন্ন অশোভন শব্দ ব্যবহার করে বক্তব্য দেন। এতে নিজাম হাজারী ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
/এএ/








