ফেনীর সোনাগাজীতে দলীয় কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের চরবদরপুর গ্রামে আবুল খায়ের মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনোয়ারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নে যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের ও সাধারণ সম্পাদক মো.ওমর ফারুকের নেতৃত্বে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। গত কয়েকদিন ধরে কুটিরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষে উত্তেজনা, মহড়া-পাল্টা মহড়া চলছিল। এর জের ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের ওই গ্রামের নিজ বাড়ির সামনে দাঁড়ানো থাকা অবস্থায় মোটরসাইকেলে এসে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও শাটার কামরুল তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে আনোয়ার খায়ের জানান। তাকে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন।
ফেনী সদর হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. ফরহাদুল ইসলাম ভূঞা জানান, গুলিতে তার ডান হাতের একটি হাড় ভেঙে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড হামলা মামলার আসামি হারুন গ্রেফতার
/এআর/








