পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ বাংলার মানুষ পছন্দ করে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযান চালিয়েছি। জনগণের সহায়তায় পুলিশের অভিযানে অনেক জঙ্গি মারা গেছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ সক্ষম। এটা অন্য দেশের জন্য রুল মডেল হতে পারে বলেও মন্তব্য করেন আইজিপি।
শনিবার দুপুরে সাত কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে তিনি আখাউড়া থানা প্রাঙ্গনে আয়োজিত উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত সভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
ফারুক হত্যা মামলায় আরও দুই আসামির আত্মসমর্পণ
/বিটি/








