চট্টগ্রাম নগর বিএনপির ৪১টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩৯টির মেয়াদউত্তীর্ণ হওয়ায় সেগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত হওয়া ৩৯টি ওয়ার্ড কমিটির মধ্যে ৩১টির সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন বিষয়টি জানান।
চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে তিন বছর মেয়াদ পূরণ না হওয়া কাট্টলী ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড কমিটি বহাল থাকবে। বাকি ৩৯টি ওয়ার্ড কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তারা ওয়ার্ড কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নেবেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আগামী একমাসের মধ্যে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে তৃণমূলে গণতন্ত্রের চর্চা আরও সুদৃড় হবে।’
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এক নেতার একপদ এ নীতিতেই চট্টগ্রাম মহানগর এবং নগরের ৪১টি ওয়ার্ড কমিটি গঠন করা হবে। যে সমস্ত নেতা এখনো একাধিক পদে বহাল আছেন তাদেরকে একটি পদ রেখে অন্যসব পদ ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলো।’
এসময় জানানো হয় বড় ওয়ার্ডে ৫১ এবং ছোট ওয়ার্ডে ৩১ জনের আহ্বায়ক কমিটি করা হবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এসব আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এছাড়া প্রস্তুতি কমিটিগুলো আগামী তিন মাসের মধ্যে তাদের কাউন্সিল আয়োজন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মোশারফ হোসেন দিপ্তী, ইয়াচিন চৌধুরী লিটন, বিএনপি নেতা সামশুল আলম, আনদুল আজিজ, সাইফুল আলম,আশ্রাফ চৌধুরী, হারুন জামান,কামরুল ইসলাম, কাজী বেলাল, জিএম আইয়ুব, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত ৬ আগস্ট চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি করা হয় শাহাদাত হোসেনকে। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর বিদায়ী কমিটির সহসভাপতি আবু সুফিয়ানকে জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়।
/এনএস/








