কুমিল্লার দাউদকান্দি পৌরসভার কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলি করার ঘটনায় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামের আলমাস খন্দকারের ছেলে সালাম খন্দকার (৪০) ও মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী কোহিনূর বেগম (৩৮)। এ সময় রিপন বেপারীর বাড়ি থেকে দুটি পিস্তল, একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩১ জানুয়ারি রকিবের স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে দাউদকান্দি থানায় সালাম খন্দকারসহ সাত জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বুধবার ভোরে সালাম খন্দকারকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর ঘর থেকে দুটি পিস্তল, একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রিপন বেপারী পালিয়ে গেলে তার স্ত্রী কোহিনূর বেগমকে গ্রেফতার করা হয়।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান,আসামিদের বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আসামিরা নৌ-পথে ডাকাতির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
/এআর/








