নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজারে সন্ত্রাসীদের হামলায় মো. কামাল উদ্দিন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আমির হোসেন (২৬) ও মো. রাফেজ (২৬) নামে দু’জন আহত হয়েছেন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরাজিত মেম্বার ও আওয়ামী লীগ নেতা। নিহতের স্বজনরা জানান, কামালকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসী আলাউদ্দিন বাহিনী ও রবীন্দ্র বাহিনী বাজারের পাশ্ববর্তী চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদের বাড়িতে হামলা চালাতে আসলে তারা বাধাপ্রাপ্ত হয়ে বাংলা বাজারে এ হামলা চালায়। এ সময় তাদের হামলায় কামালের মৃত্যু হয়। সন্ত্রাসীরা এসময় ৬টি দোকান পুড়িয়ে দেয় ও অন্যান্য দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।
/এআর/








