কক্সবাজারের চকরিয়ায় আগ্নেয়াস্ত্রসহ এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম ফজল কাদের (৪৪)। এসময় তার দেওয়ার তথ্যের ভিত্তিতে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে চকরিয়ার শাহরিয়া পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফজল কাদেরের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরী ঘোনা এলাকায়।
আজ দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি মো.শরাফত ইসলামে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়ার শহরিয়া পাড়ায় অভিযান চালায় র্যাব। অভিযানে ফজল কাদেরকে ১টি ওয়ান শুটারসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাস্তার পাশে লুকিয়ে রাখা ৭টি এসবিবিএল, ৩টি ওয়ান শুটার গান, ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে।
ফজলে কাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চকরিয়া থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন এএসপি মো.শরাফত ইসলাম।
/এমডিপি/








